জবির বেদখলকৃত দুই হল ছেড়ে দিতে ১০ দিনের আল্টিমেটাম ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখলকৃত আব্দুর রহমান ও নজরুল হল ছেড়ে দিতে দখলকারীদের ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে দুই হল উদ্ধারে অভিযান চালান শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বেদখলকৃত দুই হল ছেড়ে দিতে দখলকারীদের ১০ দিনের আল্টিমেটাম দিয়ে আসেন।

এর আগে, শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিল নিয়ে রায়সাহেব বাজার হয়ে আরমামিটোলা এলাকায় অবস্থিত আব্দুর রহমান হলের সামনে গিয়ে অবস্থান নেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের নেতারা বেদখল হলগুলোর বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য দেন এবং দ্রুত উদ্ধারের দাবি জানান।

এরপর টিপু সুলতান রোডে অবস্থিত সৈয়দ নজরুল ইসলাম হলেও ব্যানার টানিয়ে বসবাসরতদের হলের জায়গা ছাড়তে ১০ দিনের আল্টিমেটাম দেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা দেওয়াল লিখন করে দখলকৃত হলের গেটগুলোতে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল’, অবৈধ হল ছাড়তে হবে এসব লেখা লিখে দেন।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আগামী ১০ দিনের মধ্যে এখানে বসবাসরত পরিবারগুলো সরে যাবেন। তারা আমাদের কাছ থেকে সাত দিনের সময় চেয়েছিল। মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে আমরা ১০ দিনের আল্টিমেটাম দিয়েছি।

সংগঠনটির সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, যেকোনো ধরনের অপশক্তিকে রুখে দেওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নিজ দখলে নেওয়া হবে। ছাত্রদল জানে কীভাবে দাবি আদায় করতে হয়।

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা আব্দুর রহমান হল ও নজরুল ইসলাম হল পরিদর্শন করেন এবং হল দুটির সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হলগুলো বেদখল থাকায় সাধারণ শিক্ষার্থীরা চরম আবাসন সংকটে ভুগছেন।

উপস্থিত শিক্ষার্থীরা আবাসন সংকটের কথা তুলে ধরে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের সম্পত্তি দখল করে নেয়। আমরা আমাদের সেই সম্পত্তি ফিরত চাই। হলগুলো ফিরে পেলে শিক্ষার্থীদের দীর্ঘ সময়ের আবাসন সংকট একটু হলেও কমবে।

আরেক শিক্ষার্থী বলেন, আমাদের থাকার জায়গা নেই নেই, অথচ ঢাকা শহরের আনাচে-কানাচে ৬ থেকে ৭টি হল দখল হয়ে আছে। এখন সময় এসেছে প্রশাসনের সহায়তায় আমাদের হল ফিরে পাওয়ার।

এ সময় জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়াল জকসু’র ছাত্রদল সমর্থিত বিজয়ী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights