ডিপি ওয়ার্ল্ডে গতি বাড়বে চট্টগ্রাম বন্দরের, আশা ব্যবসায়ীদের

মজুমদার নাজিম উদ্দিন, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বৈশ্বিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ায় ব্যবস্থাপনা আরও উন্নত হবে বলে আশা করছেন ব্যবহারকারীরা। এ নিয়ে শ্রমিক সংগঠনের বিরোধিতা থাকলেও ব্যবসায়ীরা বলছেন, বিশ্বের অনেক দেশে ডিপি ওয়ার্ল্ড বন্দর পরিচালনা করছে। তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে টার্মিনালটির কাজের গতি এবং সক্ষমতা আগের চেয়ে বাড়বে।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, প্রাইভেট টার্মিনাল যত বেশি আসবে ,ততই দেশের জন্য ভালো। প্রাইভেট টার্মিনালে হয়রানি হয় না। আমি আশা করি ডিপি ওয়ার্ল্ডের পরিচালনায় এনসিটিতে কোনো হয়রানি হবে না। এফিশিয়েন্সি বাড়বে। তবে কস্ট অব ডুয়িং বিজনেস যেন না বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এটি আরও আগে থেকেই পরিচালনা করছে সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি)। তারা এফিশিয়েন্টলি টার্মিনাল পরিচালনা করছে। ঘণ্টায় সর্বোচ্চ ৫৮ কনটেইনার (৮২ টিইইউএস) হ্যান্ডলিংয়ের রেকর্ড রয়েছে তাদের।

গত ৮ অক্টোবর দেশের প্রধান সমুদ্রবন্দরের ৪৪ শতাংশ কনটেইনার হ্যান্ডলিংকারী টার্মিনাল এনসিটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কনসেশন চুক্তি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ডিপি ওয়ার্ল্ড। চুক্তি অনুযায়ী, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কাঠামোর অধীনে ১৫ বছরের জন্য টার্মিনালটি পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড। চুক্তির শর্তগুলো প্রকাশ করা না হলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন, চুক্তির মেয়াদকালীন সময়ে ১৫ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি রয়েছে ডিপি ওয়ার্ল্ডের। নতুন অপারেটরের কাছ থেকে ৬০০ কোটি টাকা অগ্রিম ফি পাওয়া যাবে। নির্ধারিত বার্ষিক ফি ১০ কোটি টাকা। এ ছাড়া কনটেইনারপ্রতি (টিইইউএস) বন্দর পাবে ৪০-৬৭ শতাংশ রাজস্ব। বর্তমান কর্মীদের অন্তর্ভুক্তির বিষয় চুক্তিতে রয়েছে। থাকবে আন্তর্জাতিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ। এ ছাড়া জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম কমে আসবে। চট্টগ্রাম বন্দরে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম যেখানে গড়ে আড়াই দিন সেখানে ডিপি ওয়ার্ল্ডের ২৪ ঘণ্টা। এ বন্দরের ক্রেন ঘণ্টাপ্রতি ২২টি কনটেইনার হ্যান্ডলিং করতে সক্ষম। ডিপি ওয়ার্ল্ড বৈশ্বিকভাবে হ্যান্ডেল করে ৩৫টিরও বেশি কনটেইনার।

ডিপি ওয়ার্ল্ডের পথ ধরে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করতে বিশ্বের আরও খ্যাতনামা অনেক প্রতিষ্ঠান আগ্রহী হবে বলে মনে করেন চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। তিনি বলেন, ডিপি ওয়ার্ল্ড বিশ্বের অন্যতম পোর্ট অপারেটর। এরকম একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান আসায় বিদেশিদের আমরা বিনিয়োগের যে আমন্ত্রণ জানাচ্ছি, তাতে ইমেজ আরও বৃদ্ধি পাবে। বিদেশি বিনিয়োগকারীরা আশ্বস্ত হবে। ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে এ বন্দরে আধুনিকতার ছোঁয়া লাগবে। বিশ্বের বিভিন্ন বন্দরের অভিজ্ঞতার আলোকে তারা যদি এনসিটি পরিচালনা করে, তাহলে আমাদের আমদানি-রফতানিসহ দেশের সামগ্রিক অর্থনীতির গতি আরও বৃদ্ধি পাবে।

ডিপি ওয়ার্ল্ডের পরিকল্পনা

ডিপি ওয়ার্ল্ডের বিশ্বব্যাপী ৬০টিরও বেশি বন্দর ও টার্মিনালের একটি নেটওয়ার্ক রয়েছে এবং এটি বিশ্বব্যাপী কনটেইনার পরিবহনের প্রায় ১০ শতাংশ হ্যান্ডলিং করে থাকে।

প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে ডিপি ওয়ার্ল্ড বার্থ প্ল্যানিং, ইয়ার্ড ম্যানেজমেন্ট, ইকুইপমেন্ট ইউটিলাইজেশন, প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ (প্রিভেন্টিভ মেইনটেন্যান্স), নিরাপত্তা এবং স্থায়িত্বের মতো মূল অপারেশনাল ক্ষেত্রগুলোতে নজর দেবে।

অনড় আন্দোলনকারীরা

এনসিটি পরিচালনার ভার বিদেশিদের না দিতে গত প্রায় দুই বছর ধরে আন্দোলন চালিয়ে আসছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ, বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রামসহ বেশ কয়েকটি প্ল্যাটফর্ম। এনসিটি চুক্তি হওয়ার পরও তারা এ নিয়ে বিরোধিতা অব্যাহত রেখেছে। তবে এখন পর্যন্ত কঠোর কোনো কর্মসূচি দেয়নি। চুক্তি হওয়ার দিন বিকেলে বন্দরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। ওই সময় এনসিটি নিয়ে সরকারকে আলোচনার পথ তৈরি করার আহ্বান জানানো হয়। অন্যথায় ১২ অক্টোবর বন্দর ওয়ান স্টপ সার্ভিস ভবনের সামনে গণ-অনশন পালন করা হবে। এ ছাড়া চুক্তি হওয়ার আগেই ১৩ অক্টোবর বন্দর চেয়ারম্যানের অফিস ঘেরাওয়ের কর্মসূচি দিয়ে রেখেছে বন্দর রক্ষা কমিটি।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম সমন্বয়ক হুমায়ুন কবীর জানান, তারা এনসিটি চুক্তি বাতিল চান। এ ছাড়া শ্রমিক স্বার্থ সংরক্ষণের দাবিও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights