নিউইয়র্কে তিন দশকের মধ্যে হামে প্রথম শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রে ফের বাড়ছে সংক্রমণ

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে একসময় দূর হওয়া সংক্রামক ব্যাধি হাম আবার মারাত্মক আকারে ছড়িয়ে পড়ছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যে গত ৩০ বছরের মধ্যে এই প্রথম কোনো শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে সোমবার এক ঘোষণায় নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশজুড়ে আক্রান্তের সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর দেশজুড়ে হামের সংক্রমণ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। অক্টোবরের শেষভাগ পর্যন্ত পাওয়া পরিসংখ্যানে দেখা গেছে, সারাদেশে প্রায় ৪৯০০ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। যেখানে ২০২৫ সালের পুরো বছরজুড়ে আক্রান্তের সংখ্যা ছিল ২২৮৯ জন। গত বছরের এই সংখ্যাটিই ছিল ১৯৯১ সালের পর সর্বোচ্চ, সে বছর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ৯৬৪৩ জনে।

হাম অত্যন্ত ছোঁয়াচে একটি ভাইরাসজনিত শ্বাসতন্ত্রের রোগ। ষাটের দশকে গণটিকা দান কর্মসূচি শুরু হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর গড়ে ৪০০ থেকে ৫০০ জন মানুষ এ রোগে আক্রান্ত হয়ে মারা যেতেন। তবে ব্যাপক টিকাদান কর্মসূচির অভূতপূর্ব সাফল্যের ওপর ভর করে ২০০০ সালে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে হামমুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল।

গ্রামাঞ্চলীয় লুইস কাউন্টিতে ঘটে যাওয়া এই মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। তিনি এক মন্তব্যে বলেন, এটি গত ৩০ বছরের মধ্যে নিউইয়র্কে হামজনিত কারণে প্রথম মৃত্যু। এটি আমাদের জন্য এক হৃদয়বিদারক স্মারক যে, ওয়াশিংটন যখন প্রতিরোধযোগ্য রোগ থেকে আমেরিকানদের রক্ষা করার কয়েক দশকের অর্জনকে ইচ্ছাকৃতভাবে ক্ষুণ্ন করে, তখন তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।

সূত্র: আরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights