বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি ও জাতীয় গোপন তথ্য ফাঁসের দায়ে চীনের এক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দেশটির সরকার-সংশ্লিষ্ট প্রকাশনা সংস্থা গোল্ড ওয়াল প্রেস এ তথ্য জানিয়েছে। দণ্ডিত ওই কর্মকর্তার পদবি ‘মা’; বিদেশে কাজ করার সময় একটি বিদেশি গোয়েন্দা সংস্থা তার সঙ্গে যোগাযোগ করে তাকে নিয়োগ দেয়।

চীনের জাতীয় রাষ্ট্রীয় গোপন তথ্য সুরক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত প্রকাশনা সংস্থাটির বিবৃতিতে বলা হয়, মা ‘গোপনীয়তা’ ও ‘আনুগত্যের’ শর্তযুক্ত সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে নির্দিষ্ট মাসিক অর্থ নিতেন। তিনি জাতীয় গোপন তথ্য হিসেবে শ্রেণিবদ্ধ মোট ৩৫টি তথ্য সরবরাহ করেন এবং এর বিনিময়ে ১০ লাখ ইউয়ানের বেশি অর্থ পান।

পোস্টে জানানো হয়, ‘কাইলিন’ নামে পরিচিত এক গোয়েন্দা সদস্য চীনা ভাষা শেখার আগ্রহের কথা বলে মার সঙ্গে আরও সম্পৃক্ত হওয়ার আশায় প্রায়ই দেখা করার আয়োজন করতেন। পরে কাইলিন তাকে এক সহকর্মীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওই সহকর্মী হুমকি দেন, সহযোগিতা করতে অস্বীকৃতি জানালে আগে ফাঁস করা তথ্যগুলো চীনা কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে। তবে পোস্টটিতে জড়িত দেশগুলোর নাম, কখন বা কোথায় তার সাজা হয়েছে কিংবা মৃত্যুদণ্ড এরই মধ্যে কার্যকর হয়েছে কি না, তা জানানো হয়নি।

চীনের আদালত সাধারণত রাষ্ট্রীয় নিরাপত্তা মামলার তথ্য প্রকাশ করে না। তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রভাবশালী রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় ও গোল্ড ওয়াল প্রেস গ্রেপ্তারের খবর বেশি করে প্রচার করছে এবং গুপ্তচরবৃত্তি নিয়ে সতর্কতা বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম, চলচ্চিত্র ও কমিকস ব্যবহার করছে। এমন সময়ে এই মামলার খবর এল, যখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো চীনে তথ্যদাতা নিয়োগের নিজস্ব চেষ্টা প্রকাশ্যে প্রচার করছে। সিআইএর ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি দেখা পাঁচটি ভিডিওই মান্দারিন ভাষায় নিয়োগের বিজ্ঞাপন।

‘হতবাক করা এই ঘটনা আরেকটি সতর্কবার্তা’ উল্লেখ করে গোল্ড ওয়াল প্রেস সতর্ক করে বলেছে, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো ‘চতুর’ এবং গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের নিয়োগ দিতে তারা আবেগীয় সম্পর্ক, আর্থিক স্বার্থ ও হুমকি ব্যবহার করে। বিবৃতিতে কর্মকর্তাদের সতর্ক থাকা, কমিউনিস্ট পার্টির প্রতি আনুগত্য জোরদার করা, রাষ্ট্রীয় গোপন তথ্য সুরক্ষিত রাখা ও বিদেশি নিয়োগের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights