বৃষ্টিপাতে বাড়ছে বড় নদ-নদীর পানি

অনলাইন ডেস্ক
গত দুই দিন বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় বন্যাপ্রবণ বড় নদ-নদীর পানি বেড়েছে। আগামী কয়েক দিনও এসব নদ-নদীর পানি বাড়তে পারে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি বিরাজ করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী এক দিনে দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী এবং আগামী তিন দিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বেড়েছে। আগামী পাঁচ দিন এ বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

অপরদিকে, গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে। গঙ্গা নদীর পানি সমতল আগামী এক দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী চার দিন বাড়তে পারে। অন্যদিকে, পদ্মা নদীর পানি সমতল আগামী পাঁচ দিন বাড়তে পারে। তবে এসব নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি সমতল বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের হালদা নদীর পানি সমতল বেড়েছে। অপরদিকে, গোমতী, ফেনী, সেলোনিয়া, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। মুহুরী নদীর পানি সমতল কমেছে। এসব নদীর পানি সমতল আগামী এক দিন দ্রুত বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। এ ছাড়া, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতলও বেড়েছে। এসব নদীর পানি সমতল আরও বাড়তে পারে আগামী তিন দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights