যাত্রীবাহী বাসে মিলল ১৩ লাখ টাকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ-জাটকা
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের যৌথ অভিযানে ১৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ করা হয়েছে। এ সময় পাঁচটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মোট ১ হাজার ৩৬০ কেজি মাছ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী নদীর পটুয়াখালী টোল প্লাজা-সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী, মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে সন্দেহজনক পাঁচটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় বাসগুলো থেকে ২১০ কেজি শাপলাপাতা মাছ এবং ১ হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়। উদ্ধার করা মাছের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩০ হাজার টাকা।
অভিযান শেষে বাসের চালক, সুপারভাইজার ও সহকারীদের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
পরে উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা, মাদরাসা এবং অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। অন্যদিকে, জেলা বন বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে শাপলাপাতা মাছগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
