যুক্তরাষ্ট্রে প্রমোদতরীতে ট্যাংকারের ধাক্কা, হাসপাতালে ৩২

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে যাত্রীবাহী একটি প্রমোদতরীতে ট্যাংকারের ধাক্কায় ৩২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় প্রমোদতরীটি কাত হয়ে আংশিক ডুবে যায়। তবে এতে থাকা সব যাত্রী ও ক্রুর সন্ধান পাওয়া গেছে। হাসপাতালে নেওয়া কারও অবস্থা গুরুতর নয়।

স্থানীয় সময় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ‘অ্যাটলান্টিক অ্যাসফাল্ট’ নামের একটি ট্যাংকার ‘আমেরিকান হেরিটেজ’ নামে প্রমোদতরীটিকে ধাক্কা দেয় বলে জানিয়েছে নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষ।

দুর্ঘটনার সময় প্রমোদতরীটিতে ১২৯ জন যাত্রী ছিলেন। এর বাইরে ক্রুরাও ছিলেন।

নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো সংবাদ সম্মেলনে বলেন, প্রমোদতরীতে থাকা সবাইকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৩২ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। কারও আঘাত গুরুতর নয়।

মেয়র বলেন, ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রমোদতরীটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় প্রমোদতরীটি ঘাটে ভেড়ানো ছিল। যাত্রীরা নৌযান থেকে নামছিলেন। এর মধ্যেই প্রমোদতরীটি পানিতে ডুবতে শুরু করে এবং একপর্যায়ে কাত হয়ে উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার ভিডিওতে দেখা গেছে, আকারে অনেক বড় ট্যাংকারটি প্রমোদতরীটিকে ধাক্কা দিচ্ছে। সংঘর্ষে ধাতব কাঠামো ও কাচ ভেঙে পড়ে।

লাইফ জ্যাকেট পরা ১২ জনের বেশি যাত্রীকে নদী থেকে উদ্ধার করে আশপাশের নৌযানে তোলা হয়। এ সময় নদীর পানির তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। কয়েকজন যাত্রীকে প্রমোদতরীর রেলিং ধরে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী জেমি হলফোর্ড স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, সংঘর্ষের পর মাত্র ১৫ মিনিটের মধ্যে প্রমোদতরীটি উল্টে যায়।

উদ্ধারকাজে বন্দরের পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও জরুরি চিকিৎসাকর্মীরা অংশ নেন। বন্দরের প্রশাসনিক ভবনে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা ও শারীরিক অবস্থা যাচাইয়ের ব্যবস্থা করা হয়। উদ্ধারকাজ চলাকালে নদীতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

২০১৫ সালে নির্মিত পাঁচ ডেকের ‘আমেরিকান হেরিটেজ’ প্রমোদতরীটিতে সর্বোচ্চ ১৫০ জন যাত্রী ধারণের সক্ষমতা রয়েছে। লুইজিয়ানা ও মিসিসিপির বিভিন্ন গন্তব্যে আট দিনের ভ্রমণ শেষে নিউ অরলিন্সে ফিরছিল এটি।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ১৬০ মিটার দীর্ঘ ট্যাংকারটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এবং নিউ অরলিন্সের দিকে যাচ্ছিল।

সূত্র: রয়টার্স, আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights