রাজধানীর কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজের এক শিক্ষার্থী ও এক কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহ দুইজনকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার সন্ধায় কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন কবি নজরুল সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিমন আলী ও কলেজের মালি জাহাঙ্গীর।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা থাকায় পুলিশ ও র্যাবের বিশেষ বাহিনীর সদস্যরা সড়ক ফাঁকা রাখার কথা জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি অতিক্রম করার কয়েক মিনিট পরই কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার সময় আমরা এখানেই ছিলাম। বাহাদুর শাহ পার্কের সামনে পুলিশ ছিল। ককটেলটি ওই দিক থেকেও আসতে পারে, আবার আমাদের কলেজের ছাদ থেকেও পড়ে থাকতে পারে। ঘটনার সময় আমরা কিছুই বুঝতে পারিনি।
কবি নজরুল সরকারি কলেজের শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোমান বলেন, ককটেল বিস্ফোরণের সময় আমি পাশেই বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। তখন আমাদের কলেজের কর্মচারী সুজন মামা এবং ভেতর থেকে আরও একজন এসে মূল ফটকের সামনে দাঁড়ান। ঠিক তখনই একটি ককটেল বিস্ফোরিত হয়। প্রথমে আমরা ভেবেছিলাম কোনো গাড়ির চাকা ফেটে গেছে।
তিনি বলেন, দ্বিতীয়বার আরেকটি ককটেল বিস্ফোরিত হওয়ার পর বিষয়টি বুঝতে পারি। তখন জানতে পারি, আমাদের কলেজের একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হয়েছেন।
এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, আমরা এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি। বিভিন্নভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। দুজনকে ঘটনাস্থল থেকে আটক করেছি আমরা। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
