বাড়ির সামনে কাফনের কাপড় পরা পুতুল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

বাড়ির প্রধান ফটকের সামনে সাদা রঙে আঁকা বৃত্ত। ভিতরে যোগ চিহ্নসদৃশ আঁকাঝাকা। মাঝখানে কাফনের কাপড় পরানো একটি পুতুল। পুতুলটির বুকে বেল কাঁটা ঢোকানো। পাশে গোলাপজলের বোতল ও মোমবাতি। পুতুলটির শরীরে লাল রং মাখানো। লাল রং ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আশপাশেও।

সকালে ঘুম থেকে উঠে বাড়ির ফটকে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন মালিক ও তাঁর পরিবারের সদস্যসহ এলাকার মানুষ। গতকাল সকালে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের মো. আলী হোসেনের (৫৫) বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ছড়িয়ে পড়েছে নানা আলোচনা ও কৌতূহল। ঘটনাটি দেখতে সকাল থেকেই বাড়ির সামনে ভিড় করেন আশপাশের গ্রামের মানুষ।

আলী হোসেন ওই গ্রামের করম উদ্দিনের ছেলে। বাড়ির প্রধান ফটকের সামনে মূর্তি বা পুতুল দেখে আলী হোসেন বলেন, ‘আমি এবং আমার স্ত্রী দুজন মানুষ এই বাড়িতে থাকি। ফজরের নামাজ পড়ে গেটটা খুলতেই দেখি আটা বা ময়দা দিয়ে বড় আকারে গোল বৃত্ত আঁকা। ভিতরে ক্রস দিয়ে দুটি দাগ, সেই দাগের ওপর খড় দিয়ে তৈরি মূর্তি বা পুতুল বানানো। পুতুলকে কাফনের সাদা কাপড় পরানো অবস্থায় রাখা এবং বুকে ১৫ থেকে ২০টি বেল কাঁটা ঢোকানো। চারপাশে লাল রং ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা। পুতুলের বাম পা এবং বাম হাত বাঁধা, পাশেই গোলাপ জলের একটি বোতল এবং এক প্যাকেট আগরবাতিও ছিল। পুতুলের পাশে আগরবাতি জ্বালানো হয়েছিল বলে ধারণা করছি। আগরবাতির ছাই পড়ে ছিল। কারা বা কেন আমার বাড়ির সামনে এ কাজ করল- আমি বুঝতে পারছি না। আমার সঙ্গে কারও শত্রুতা নেই। গ্রামবাসী এসে দৃশ্য দেখে যাচ্ছে। তাদের কেউ কেউ বলছে- এটা একটা কুফরি, জাদুটোনা। কেউ বলছে শত্রুতামূলক ইঙ্গিত।’

প্রতিবেশী স্বাস্থ্যকর্মী রুহুল আমিন জানান, এই গ্রাম ও আশপাশের এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি। এ ঘটনার পর থেকে আলী হোসেন ভয়ের মধ্যে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights