দুই মাসেই মিলবে জিডিপির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ত্রৈমাসিক প্রাক্কলন প্রকাশে সময় কমিয়ে ১০০ দিন থেকে ৬০ দিনে নামিয়ে আনতে চায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। একই সঙ্গে চূড়ান্ত বার্ষিক জিডিপি প্রতিবেদন তৈরির সময় নয় মাস থেকে কমিয়ে ছয় মাসে আনার পরিকল্পনা করছে সংস্থাটি। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে সময়মতো প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় বর্তমানে অর্থনৈতিক পরিসংখ্যান তৈরিতে যে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে, তা দূর করেই এই লক্ষ্য অর্জন করতে চায় বিবিএস। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দ্রুত অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশের ক্ষেত্রে তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণে সময় কমানো এখন বড় চ্যালেঞ্জ। বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতো সরকারি সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় তথ্য পেতে বিলম্ব হওয়ায় জিডিপি, ভোক্তা মূল্যসূচক (সিপিআই), উৎপাদক মূল্যসূচক (পিপিআই) এবং শিল্প উৎপাদন সূচক প্রস্তুত ও প্রকাশে সময় বেশি লাগছে।

বিবিএসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে দীর্ঘদিন ধরেই সমস্যায় পড়ছে প্রতিষ্ঠানটি। অনেক সংস্থা প্রয়োজনীয় তথ্য সরবরাহে উল্লেখযোগ্য সময় নেয়। আবার কোনো কোনো ক্ষেত্রে শুধু সংখ্যাগত তথ্য দেওয়া হলেও সেসব তথ্য যাচাই ও বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় সহায়ক নথি এবং বিস্তারিত রেকর্ড সরবরাহ করা হয় না। ফলে তথ্য হাতে পাওয়ার পরও সেগুলোর যথার্থতা যাচাই করতে বাড়তি সময় ব্যয় করতে হয়। ওই কর্মকর্তা বলেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য নীতিনির্ধারকদের কাছে তুলে ধরার পরিকল্পনা করা হচ্ছে। যেসব সরকারি সংস্থা সময়মতো তথ্য সরবরাহ করছে না, সেগুলো চিহ্নিত করে বিলম্ব দূর করার উপায় বের করতে সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিবিএস মনে করছে, সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং সময়মতো পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার সুযোগ নিশ্চিত করা গেলে অর্থনৈতিক প্রতিবেদন তৈরির সময় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এতে ত্রৈমাসিক জিডিপির প্রাক্কলন বর্তমানের প্রায় ১০০ দিনের পরিবর্তে ৬০ দিনের মধ্যে প্রকাশ করা যাবে। একইভাবে চূড়ান্ত বার্ষিক জিডিপি প্রতিবেদন তৈরিতে নয় মাসের পরিবর্তে ছয় মাস সময় লাগবে। দ্রুত জিডিপির তথ্য প্রকাশ করা গেলে দেশের অর্থনৈতিক পরিস্থিতির হালনাগাদ চিত্র তুলনামূলক কম সময়ে পাওয়া যাবে। এতে মুদ্রানীতি ও রাজস্বনীতি প্রণয়ন এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নীতিনির্ধারকদের সুবিধা হবে। পাশাপাশি ব্যবসায়ী, বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীরাও সময়মতো প্রয়োজনীয় অর্থনৈতিক তথ্য পাবেন।

তবে বিবিএসের সামনে শুধু দ্রুত তথ্য প্রকাশের লক্ষ্য অর্জনই নয়, পরিসংখ্যানের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার চ্যালেঞ্জও রয়েছে। এজন্য বিভিন্ন সংস্থার সরবরাহ করা তথ্য পূর্ণাঙ্গ, যথাযথ নথিসমর্থিত এবং পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি। কর্মকর্তাদের মতে, তথ্যের মান নিশ্চিত না করে শুধু প্রকাশের সময় কমালে সরকারি পরিসংখ্যানের নির্ভরযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তথ্য সংগ্রহের দীর্ঘসূত্রতা দূর করার পাশাপাশি তথ্য যাচাই ও প্রক্রিয়াকরণ ব্যবস্থার উন্নয়নকেও গুরুত্ব দিচ্ছে বিবিএস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights