ফুলের রাজ্যের উৎসবের প্রস্তুতি
শীত আসছে। সঙ্গে উৎসবের নানা বারতাও। উৎসব মানেই ফুল। সেই দিনগুলো সামনে রেখে এখন মাঠে মহাব্যস্ত সময় পার করছেন ‘ফুলের রাজ্য’ হিসেবে খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার ছয় সহস্রাধিক ফুলচাষি। বছরজুড়ে হয় এমন ফুলের পাশাপাশি বিশেষ দিবসগুলো সামনে রেখে চাষ করা এসব ফুল আগামী মাসের (ডিসেম্বর) মাঝামাঝি থেকে বাজারে উঠতে শুরু করবে। আবহাওয়া এখনো ফুল চাষের পক্ষে থাকায় চাষিরা খুশি, তবে পর্যাপ্ত সার না পাওয়ায় ফলন নিয়ে একটু হতাশাও রয়েছে তাঁদের মধ্যে।
কাঁচা ফুলের পাইকারি বাজার ঝিকরগাছা উপজেলার গদখালীতে সারা বছরই ফুল কেনাবেচা হয়। তবে চাষিরা তাঁদের ফুল বিক্রির জন্য তাকিয়ে থাকেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বিশেষ দিবসগুলোর দিকে। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, খ্রিস্টীয় নববর্ষ, ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পয়লা ফাল্গুন (বসন্ত দিবস) ও বাংলা নববর্ষকে লক্ষ্য করে। যাতে বাজারে ফুল তুলতে পারেন, সেভাবেই ফুলের চাষ করেন তাঁরা। বছরের এ দিবসগুলোতেই সবচেয়ে বেশি ফুলের ব্যবহার হয়ে থাকে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এবার ঝিকরগাছা উপজেলার প্রায় ৬ হাজার কৃষক ৫৭১ হেক্টর জমিতে নানা রকম ফুলের চাষ করেছেন। গদখালী, পানিসারা, পটুয়াপাড়া, নীলকণ্ঠনগর, হাড়িয়া, বর্ণী, চাপাতলা, নির্বাসখোলা, নারাঙ্গালী, শিওরদাহ, টাওরা, বাওসা, নাভারণ এলাকার মাঠজুড়ে এখন গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, গাঁদা, জারবেরা, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, হাসনাহেনা, দোলনচাপা, টিউলিপ ফুলের খেত। বিশেষ দিবসগুলোর বাজার ধরতে এসব খেতে চাষিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম দিয়ে চলেছেন। পানিসারা গ্রামের আজিজুল সর্দার এবার ১৫ কাঠা জমিতে জারবেরা, ১ বিঘা জমিতে গোলাপ, ১০ কাঠা জমিতে চন্দ্রমল্লিকা ও ২ বিঘায় ঝাউয়ের চাষ করেছেন। বললেন, ‘আবহাওয়া এবার অনুকূলেই আছে। ভালো ফলন পেতে সর্বোচ্চ শ্রম দিচ্ছি। কিন্তু সারের কারণে মার খেয়ে যেতে পারি। সার পাচ্ছি না। আগে বাড়ির কাছেই দোকানে সার পেতাম। এখন দূরে ডিলারের কাছ থেকে সার আনতে জনন (শ্রমিক) পাঠাতে হচ্ছে। এতে খরচ বাড়ছে।’ পটুয়াপাড়ার রমজান আলী ৩০ বছর ধরে বিভিন্ন ধরনের ফুলের চাষ করছেন। এবার গোলাপ, কামিনীপাতা ও রথস্টিকের চাষ করেছেন। চাষের পাশাপাশি গত তিন বছর গদখালী বাজারে ফুলের ব্যবসাও শুরু করেছেন। রমজান আলী বলেন, ‘যেকোনো ফুলই চাষ শুরু করার তিন মাস পর থেকেই বাজারে তোলা যায়। তাই কোন বিশেষ দিবসে কোন কোন ফুলের চাহিদা বেশি থাকে, সেটা বিবেচনা করেই আমরা তিন মাস আগেই চাষ শুরু করি।’ যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আবদুর রহিম বলেন, ‘গত বছর জাতীয় নির্বাচনের মধ্যে ফুলের ভরা মৌসুম পড়ে যাওয়ায় ফুল বিক্রি কিছুটা কম হয়। ফুল চাষের লক্ষ্যমাত্রা বা বেচাকেনার পরিমাণ সঠিকভাবে নিরূপণ করার কোনো ব্যবস্থা নেই। তবে গত বছর গদখালীর ফুলচাষিরা ৫০০ কোটি টাকা ফুল কেনাবেচা করবে বলে আমরা একটা লক্ষ্যমাত্রার কথা বলেছিলাম।’ ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরুল ইসলাম সার সংকটের কথা অস্বীকার করে বলেন, সারের পর্যাপ্ত মজুত রয়েছে। সার না পেলে কৃষি অফিসে যোগাযোগ করার জন্য চাষিদের পরামর্শ দিয়েছেন তিনি।
