সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮ রিসোর্ট পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
মোংলা প্রতিনিধি
সুন্দরবনের কোলঘেঁষে গড়ে ওঠা রিসোর্টগুলোর কারণে বনের প্রাণ-প্রকৃতির কোনো ক্ষতি হচ্ছে কি না, তা যাচাইয়ে ১৮টি রিসোর্ট পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের আওতায় বনসংলগ্ন এলাকায় গড়ে ওঠা রিসোর্টগুলো পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন খুলনা পরিবেশ অধিদপ্তর এবং বাগেরহাট ও মোংলা বন বিভাগের কর্মকর্তারা।
পরিদর্শনকালে পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘গণমাধ্যমে দেখেছি, বন বিভাগের পরিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) মধ্যে অবৈধভাবে রিসোর্ট গড়ে তোলা হয়েছে। এখানে অবৈধ কর্মকাণ্ড হচ্ছে কি না, সুন্দরবনের প্রাণ-প্রকৃতির ক্ষতি হচ্ছে কি না, তা দেখতে এসেছি। শব্দদূষণ, হরিণ শিকারসহ বনের ক্ষতি হয়—এমন কোনো কর্মকাণ্ড বা অবৈধ কিছু পাওয়া গেলে তা বন্ধ করে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, রিসোর্টগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে। সেখানে জেনারেটর চালানো যাবে না, শব্দদূষণও করা যাবে না। যদিও রিসোর্টগুলো পরিবেশগত সংকটাপন্ন এলাকার মধ্যে গড়ে উঠেছে, সেগুলোর বৈধতা যাচাই করতেই তিনি পরিদর্শনে এসেছেন। বনের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কেউ এ নিরাপত্তা বিঘ্নিত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে অন্যরাও সতর্ক হয়।
প্রতিমন্ত্রী বলেন, রিসোর্টগুলো ঘুরে আপাতত বনের ক্ষতির কোনো দিক তাঁর চোখে পড়েনি। তবে মন্ত্রণালয়ে ফিরে বৈঠকের মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর সুন্দরবনসংলগ্ন এলাকায় গড়ে ওঠা ১৮টি রিসোর্ট বন্ধের ঘোষণা দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। ওই ঘোষণার পরিপ্রেক্ষিতেই পরিবেশ প্রতিমন্ত্রীর এ পরিদর্শন।
