পুরান ঢাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি ইশরাকের

অনলাইন ডেস্ক

ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পুরান ঢাকার দীর্ঘদিনের গ্যাস সংকট, জলাবদ্ধতা, ভাঙা রাস্তা, দূষণ এবং ট্রাফিক জ্যামের মতো জটিল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে পুরান ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর সুরিটোলা স্কুলের সামনে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘জনগণ অত্যন্ত উচ্ছ্বসিত এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য তারা প্রস্তুত। আমরা সবাইকে উদ্বুদ্ধ করেছি, যাতে ভোটাররা সক্রিয়ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।’

তিনি বলেন, ‘পুরান ঢাকার স্থানীয় সমস্যাগুলো মারাত্মক আকার ধারণ করেছে। রাস্তা ভাঙা, জলাবদ্ধতা, দূষণ এবং ট্রাফিক জ্যামসহ নানা সমস্যায় শহরটি জর্জরিত। এসব সমস্যা সমাধানে আমরা স্থায়ী পরিকল্পনা গ্রহণ করব।’

ইশরাক হোসেন আরও বলেন, ‘আমরা আন্দোলন-সংগ্রাম করে এই এলাকায় এসেছি, ভেসে আসিনি। আমাদের দীর্ঘ ১৭ বছরের ত্যাগ রয়েছে। বহু ভাইয়ের রক্তও এ অঞ্চলে ছড়িয়ে আছে। আমাদের দল সর্বদা জনগণের পাশে থেকে জোরালো অবস্থান গ্রহণ করেছে।’

দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা ফুটপাতে বা রাস্তায় অবৈধ স্থাপনা নির্মাণ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অবৈধ কর্মকাণ্ড আমাদের দল অনুমোদন করে না।’

কর্মসংস্থান ও নারীদের ক্ষমতায়নের বিষয়ে তিনি জানান, ‘আমাদের ৩১ দফার পরিকল্পনায় কর্মসংস্থান বৃদ্ধির পদক্ষেপ এবং নারীদের স্বাবলম্বী করার বিস্তারিত ব্যবস্থার উল্লেখ আছে। ফ্যামিলি কার্ড, গণপরিবহনসহ বিভিন্ন উদ্যোগে নারীরা নিরাপদে চলাচল করতে পারবে।’

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। ইশরাক হোসেন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের ধানের শীর্ষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights