মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার শপথ নিলো শতাধিক শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার শেরপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় শতাধিক শিক্ষার্থী মাদক সেবন ও কিশোর গ্যাংয়ে যুক্ত না হওয়ার শপথ নিয়েছেন।
রবিবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী মামুরশাহী দাখিল মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা এই শপথ নেন।
সভাটি বসুন্ধরা শুভসংঘ শেরপুর উপজেলা শাখার আয়োজনে এবং মাদ্রাসার প্রধান আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারী। তিনি বলেন, বর্তমান সময়ে মাদক ও কিশোর গ্যাং সমাজের বড় সমস্যা। এটি মোকাবেলা করা একটি সামাজিক চ্যালেঞ্জ, কারণ এর প্রভাবে শিশু-কিশোরদের মানসিক ও সামাজিক বিকাশ ব্যাহত হচ্ছে। পরিবার, বিদ্যালয় ও সমাজ সম্মিলিতভাবে কাজ করলে শিক্ষার্থীদের এই সমস্যা থেকে রক্ষা করা সম্ভব।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের শেরপুর প্রতিনিধি আইয়ুব আলী। তিনি বলেন, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশু-কিশোরদের কিশোর গ্যাং থেকে দূরে রাখা সম্ভব। তাদের সুস্থ, সৃজনশীল ও শিক্ষামুখী জীবনে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। বসুন্ধরা শুভসংঘের এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘের সহ-সভাপতি হাবিবুর রহমান পান্না, গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, রফিকুল ইসলাম, শিক্ষক জালাল উদ্দিন, আব্দুল বারী ও আফাজ উদ্দিন।
