মিয়ানমারে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্তের ঘরবাড়ি

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং সীমান্তে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ঘরবাড়ি। স্থানীয় বাসিন্দাদের ধারণা, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন কোনো ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক জান্তা বাহিনী। তবে বিস্ফোরণের কারণ ও সুনির্দিষ্ট স্থান নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাতে সীমান্তের ওপারে মিয়ানমারের মংডু জেলার নাকপুরা ও বলিবাজার এলাকার ঘাঁটির আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে সীমান্তের এপারের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সাংবাদিক হুমায়ুন রশিদ বলেন, তিনি তিনটি বিকট শব্দ শুনেছেন। হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা রমজান উদ্দিন পটল বলেন, বিস্ফোরণের শব্দে সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, তাঁদের ব্যাটালিয়নের আওতাধীন খারাংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিজিবি জানায়, খারাংখালী বিওপির বিআরএম-১৫ থেকে আনুমানিক ৫০০ মিটার উত্তর-পূর্বে, বিওপি থেকে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার উত্তর-পূর্বে এবং শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ মিয়ানমারের ভেতরে প্রমাচংওয়া এলাকার ত্রিমুখী মোহনা নামক স্থানে বিস্ফোরণ ঘটে।

বিজিবির প্রাথমিক ধারণা, নিজেদের আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে আরাকান আর্মি ওই বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights