ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই হামে একদিনে আটজন

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুজ্বরে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ ছাড়া হাম উপসর্গে আরও আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তথ্য মতে, চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৪৯৯ জনের।

প্রতিবেদনে আরও বলা হয়, এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৮১৬ জন। গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা) সারা দেশে নতুন করে ১ হাজার ৯৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন আটজন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ২৪৯ জন, যা মোট মৃত্যুর প্রায় অর্ধেক (৪৯ দশমিক ৯ শতাংশ)। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু খুলনা বিভাগে ৮৬ জন। চট্টগ্রাম বিভাগে ৪৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে আটজন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে। এদিকে, সারা দেশে হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪১৪ জন। গত ২৪ ঘন্টায় (গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা) নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৮ জন। হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ২৯২ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯ জন। হাম উপসর্গে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ছয়জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights