দাউদ ইব্রাহিমের ‘ঘনিষ্ঠ’ সহযোগী নাসিম কথিত বন্দুকযুদ্ধে নিহত
অনলাইন ডেস্ক
দিল্লির আইনমন্ত্রী কপিল মিশ্রের কার্যালয়ের কাছে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত ৩৭ বছর বয়সী নাসিম দুররানি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম পরিচালিত ‘ডি-কোম্পানি’র সঙ্গে যুক্ত এই যুবক উত্তরপ্রদেশের বুলন্দশহরে দিল্লি পুলিশ এবং নয়ডা স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) এক যৌথ অভিযানে প্রাণ হারান।
এর আগে গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় দিল্লির আইনমন্ত্রী কপিল মিশ্রের কার্যালয়ের কাছে ২৬ বছর বয়সী সমীর নামের এক যুবককে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি ছুড়েছিলেন নাসিম দুররানি। মুস্তাফাবাদের বাসিন্দা সমীরকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সন্দেহ করছে, নাসিম দুররানি এবং হারুন সাইফি গ্যাংয়ের মধ্যে চলমান দীর্ঘদিনের গ্যাং-দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত সমীরও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে এবং সম্প্রতি একটি ফৌজদারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ তাকে আটক করেছিল। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘রিজওয়ান’ ছদ্মনামে পরিচিত নাসিম দুররানি দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী গ্যাংস্টার ছোটা শাকিলের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন। ২০১৬ সালে কারাবন্দি গ্যাংস্টার ছোটা রাজনকে হত্যার দায়িত্বও দুররানিকে দিয়েছিলেন ছোটা শাকিল। এছাড়া পাকিস্তানি-কানাডীয় সাংবাদিক তারেক ফতেহকে হুমকি দেওয়ার একটি মামলাতেও দুররানি গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা এবং ডাকাতিসহ ২০টিরও বেশি গুরুতর ফৌজদারি মামলা বিচারাধীন ছিল, যদিও একটি সূত্রমতে তার বিরুদ্ধে মামলার সংখ্যা ২৫টিরও বেশি।
সূত্র: এনডিটিভি
