স্কুলছাত্র গালিব হত্যার বিচারের দাবিতে বগুড়ায় সড়ক অবরোধ
বগুড়া ব্যুরো
বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী ও ছাত্রসমাজ। এ সময় হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাদের অবরোধের কারণে গুরুত্বপূর্ণ সড়কটিতে প্রায় পৌনে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
রবিবার (২২ নভেম্বর) দুপুর ২টা থেকে পৌনে ৪টা পর্যন্ত শহরের মোহাম্মদ আলী হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
পরে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। একই সঙ্গে নিহত গালিবের মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
বিক্ষোভ চলাকালে নিহত গালিবের মা ময়না বলেন, ‘আমার ছেলেকে বিনা কারণে হত্যা করা হয়েছে। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।’
সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, একজন শিক্ষার্থীকে হত্যা করা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। গালিবের বাবা নেই, শুধু মা আছেন। পুলিশ ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতারে কাজ চলছে। গালিবের মা আবেদন করলে আগামী এক সপ্তাহের মধ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে তার চাকরির ব্যবস্থা করা হবে। আমিও এ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি দাবি করছি।
নিহত মনিরুল ইসলাম গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিলেন গালিব। এ সময় তার ধূমপানের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন স্থানীয় যুবক মিশু (২১)। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গালিবের কাছে ৫০০ টাকা দাবি করেন তিনি। এ নিয়ে গালিবের সঙ্গে মিশু ও তার বন্ধু রোহিত বাবুর (২০) বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিশু ও বাবু গালিবের বুক ও পিঠে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
