দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত এগোচ্ছে

নিজস্ব প্রতিবেদক

চব্বিশের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারে দেশব্যাপী তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ করতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। অন্যদিকে সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ১৫ ডিসেম্বর মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্তের অগ্রগতি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দেশব্যাপী তদন্ত করছে। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এ ধরনের তদন্ত ও মামলা আগে হয়নি। তদন্তের পরিধি ব্যাপক হওয়ায় এটি শেষ করতে কিছুটা সময় লাগবে। তবে কবে নাগাদ তদন্ত শেষ হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

প্রসিকিউটর তামিম বলেন, এরই মধ্যে ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই মামলায় আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কি না, সে বিষয়েও অভিযোগ আনা হয়েছিল। তার ভাষ্য, অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। প্রসিকিউশনের দৃষ্টিতে ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই রায়ের ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে পরবর্তী কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে কি না, তা জানতে চাইলে প্রসিকিউটর বলেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। এদিকে সাভারে শিক্ষার্থী ইয়ামিন হত্যা মামলায় গতকাল ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

এ মামলায় ১৯ আসামির মধ্যে ছয়জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সুহেল মিয়া, কনস্টেবল মাহফুজ মিয়া ও মিজানুর রহমান। তাদের গতকাল কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৩ জন পলাতক। এর আগে গত ৭ সেপ্টেম্বর পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। গত ২৬ জুলাই ১৯ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights