পোশাক খাতে অস্থিরতা : ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের তৈরি পোশাক খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতি দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারের। পাশাপাশি ক্রেতাদের আস্থা সংকটে ২৫৪ মিলিয়ন ডলারের নিশ্চিত অর্ডার অন্য দেশে চলে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। গতকাল বিজিএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিএমইএ জানায়, তৈরি পোশাক খাতের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে গত চার দিন সদস্য কারখানাগুলোর ওপর একটি জরুরি জরিপ পরিচালনা করেছে বিজিএমইএ। গত ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর অস্থিতিশীল পরিস্থিতি ও নানা বিঘ্নের কারণে কারখানাগুলোর ক্ষতির পরিমাণ জানতে এ জরিপ করা হয়। জরিপে ৩১৭টি কারখানা তাদের তথ্য প্রদান করেছে। এ কারখানাগুলো উৎপাদন বন্ধ থাকায় ক্ষতি হয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারের। সরাসরি উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ অর্ডারই এখন চরম ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। এসব কারখানা রপ্তানি আদেশ ধরে রাখতে ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড়, সরাসরি অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতিতে পড়েছে। বিজিএমইএ জানায়, অস্থিরতার কারণে ক্রেতাদের আস্থায় বড় ধরনের প্রভাব পড়েছে। ক্রেতারা ইতোমধ্যে তাদের নিশ্চিতকৃত অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছে, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

বিজিএমইএ মনে করে, জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র। বিজিএমইএ-এর ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর অধিক। স্বল্প সময়ের এই জরুরি জরিপে ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ এই হিসাবের চেয়ে অনেক বেশি।

বিজিএমইএ মনে করে, তাৎক্ষণিক আর্থিক সংখ্যার বিচারে এই ক্ষতির গভীরতা পরিমাপ করা সম্ভব নয়। বড় ও অপূরণীয় আঘাত এসেছে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার ওপর। যার কারণে ইতোমধ্যে অন্য দেশে ব্যাপকভাবে অর্ডার সরে গেছে। গত অক্টোবরের শেষ থেকে শুরু হওয়া এ আন্দোলনে সাভার, আশুলিয়া, গাজীপুর, কোনাবাড়ী, মৌচাক ও মিরপুরের মতো প্রধান শিল্পাঞ্চলগুলোতে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধে উৎপাদন থমকে যায়। কোথাও বাইরের হামলার আশঙ্কা নিরাপত্তাহীনতায় কারখানায় ছুটি ও অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করছেন পোশাক কারখানা মালিকরা। এর পরিপ্রেক্ষিতে গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনের ক্ষতির হিসাব করেছে বিজিএমইএ।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবনজীবিকার স্বার্থে এই সংকটময় পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ জরুরি। শিল্পের চাকা সচল রাখতে এবং এ বিপর্যয় কাটিয়ে উঠতে বিজিএমইএ সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights