ধসে পড়ছে সংরক্ষণ ব্লক ঝুঁকিতে স্থাপনা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কীর্তনখোলা নদীর ভাঙনে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ায় স্থায়ী তীর সংরক্ষণে নির্মিত ব্লক ধসে পড়েছে। এতে তীরবর্তী ৮০ থেকে ৮৫টি পরিবার, দুটি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান, একটি মাদ্রাসা এবং স্থানীয় একটি সামাজিক সংগঠনের স্থাপনা হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আগামী বর্ষা মৌসুমে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্রে জানা গেছে, কীর্তনখোলার ভাঙন প্রতিরোধে ২০২০ সালে ৩৩১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করে পাউবো। এর আওতায় মহানগরের বেলতলা থেকে চরবাড়িয়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় ৪ লাখ ৭৫ হাজার জিও ব্যাগ ও ১২ লাখ ২০ হাজার সিসি ব্লক ফেলে নদীর তীর সংরক্ষণ করা হয়। পাশাপাশি নাব্য রক্ষায় চরবাড়িয়া পয়েন্টে প্রায় ৬ কিলোমিটার এলাকায় ড্রেজিং করা হয়।

২০২৩ সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার পর চরবাড়িয়ার ভাঙার পাড় এলাকা দর্শনীয় স্থানে পরিণত হয়। পর্যটকদের আনাগোনা কেন্দ্র করে সেখানে গড়ে ওঠে নানা ধরনের রেস্তোরাঁ। স্থানীয় বাসিন্দা আবু বক্কর জানান, গত বর্ষা মৌসুমে চরবাড়িয়া সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন খালের মুখে নদীভাঙন শুরু হয়। এরই মধ্যে বটতলা থেকে শিকদারবাড়ি পর্যন্ত অংশে তীর সংরক্ষণের ব্লক ধসে পড়েছে। এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, ‘কীর্তনখোলার ভাঙনে তীর সংরক্ষণের অন্তত ২০০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য বর্তমানে নকশা প্রণয়নের কাজ চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights