আখাউড়া সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ বিজিবি মহাপরিচালকের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রবিবার দিনব্যাপী তিনি কুমিল্লা, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন। সকালে বিজিবি মহাপরিচালক প্রথমে কুমিল্লা সেক্টর সদর দপ্তরে যান। সেখানে তিনি কুমিল্লা সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত নজরদারি কার্যক্রম এবং চলমান অপারেশনাল কর্মকাণ্ডের খোঁজখবর নেন।

এরপর তিনি ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধীনস্থ পরশুরাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও মজুমদারহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) ঘুরে দেখেন এবং সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ও টহল কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

দিনের পরবর্তী অংশে বিজিবি মহাপরিচালক সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এবং আখাউড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন। সেখানে তিনি অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি, টহল কার্যক্রম জোরদার এবং স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ সতর্কতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে মহাপরিচালক দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, পুশ-ইন ও বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ রোধ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় অপারেশনাল ও প্রশাসনিক দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নসমূহের অধিনায়করা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights