ভারতের বিপক্ষে বিশেষ জার্সিতে খেলবে নিউজিল্যান্ড
অনলাইন ডেস্ক
ভারতের আসন্ন সফরের আগে একটি সীমিত সংস্করণের ‘কোতাহিতাঙ্গা’ ওয়ানডে জার্সি উন্মোচন করেছে নিউজিল্যান্ড। এই জার্সিটি নিউজিল্যান্ড (মাওরি ভাষায় ‘আওটিয়ারোয়া’) ও ভারতের মধ্যকার ক্রীড়া সম্পর্কের ১০০ বছর পূর্তিকে উদযাপন করে। এতে মাওরি নকশা এবং ভারতীয় সাংস্কৃতিক মোটিফের সংমিশ্রণ ঘটানো হয়েছে, যা দুই দেশের যৌথ ইতিহাসকে তুলে ধরে।
অক্টোবর-নভেম্বরের দিকে ভারত পাঁচটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফর করবে। ৪ নভেম্বর শুরু হতে যাওয়া এই ওয়ানডে সিরিজটি আগামী বছরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আগে উভয় দলকে তাদের দলের গঠন ও সমন্বয় যাচাই করার সুযোগ করে দেবে। মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন দলটি ওয়ানেডেতে এই সিরিজে বিশেষ এই জার্সিটি পরিধান করবে।
দেশটির ক্রিকেট সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ জার্সির ঘোষণা দিয়ে এটিকে দুই দেশের যৌথ ক্রীড়া ইতিহাস ও ক্রিকেটের মাধ্যমে গড়ে ওঠা সম্পর্কের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে অভিহিত করেছে। পোস্টে বলা হয়েছে, সীমিত সংস্করণের ‘কোতাহিতাঙ্গা’ ওয়ানডে জার্সিটি নিয়ে আসা হলো। এটি ক্রিকেটের প্রতি ভালোবাসায় আবদ্ধ দুটি সংস্কৃতির উদযাপন এবং নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার ক্রীড়া সম্পর্কের ১০০ বছর পূর্তির স্মারক।
এই দুই দেশের মধ্যে ক্রীড়া সম্পর্কের সূচনা হয়েছিল ১৯২৬ সালে, যখন ভারতীয় সেনাবাহিনীর একটি হকি দল নিউজিল্যান্ড সফর করেছিল। আর তাদের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের শুরু হয় ১৯৫৫ সালের নভেম্বরে, যখন সফরকারী দলটি ভারতের বিপক্ষে পাঁচটি টেস্টের সিরিজের প্রথমটি খেলেছিল।
‘কোতাহিতাঙ্গা’ জার্সি
‘এনগাতি রাউকাওয়া কি তে তোঙ্গা’-র শিল্পী বেন থমাসন এবং গুজরাটের শিল্পী শিব নারান্দাস ও জয় পাঞ্চার যৌথ প্রচেষ্টায় এই জার্সিটি ডিজাইন করা হয়েছে। তাদের কাজে ঐতিহ্যবাহী মাওরি নকশার সাথে ভারতীয় স্থাপত্য ও শিল্পশৈলীর মোটিফের সমন্বয় ঘটানো হয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেট তাদের বিবৃতিতে শিল্পীদের অবদানের কথা এভাবে তুলে ধরেছে। এতে বলা হয়েছে, শিল্পী বেন থমাসন (এনগাতি রাউকাওয়া কি তে তোঙ্গা), শিব নারান্দাস (গুজরাট) এবং জয় পাঞ্চা (গুজরাট) এই জার্সির ডিজাইনে যৌথভাবে কাজ করেছেন, যা উভয় দেশের সংস্কৃতিকে তুলে ধরে এবং তাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। থমাসন ‘হেইহাই’ রেখার পটভূমির ওপর মাওরি ‘কোয়াইফাই’ নকশা ফুটিয়ে তুলেছেন। এর মাধ্যমে তিনি জীবিতদের সাথে পরলোকগতদের সংযোগ স্থাপন, দুই জাতির মধ্যে বন্ধন সৃষ্টিকারীদের প্রতি সম্মান প্রদর্শন এবং খেলোয়াড়, ভক্ত ও নেপথ্যের কর্মীদের কাছে এর তাৎপর্যকে উদযাপন করেছেন।
উল্লেখ্য, নারান্দাস এবং পাঞ্চা তিনটি ভারতীয় মোটিফকে ঐক্যের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। ভারতের জাতীয় ফুল ‘পদ্ম’; ভারতীয় স্থাপত্যশৈলী থেকে অনুপ্রাণিত পুনরাবৃত্তিমূলক ‘ওজি’ নকশা; এবং ‘মন্ডলা’, যা মাওরি নকশা-পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ এক সুষম কাঠামো প্রদান করে।
