সুস্থ ও শিক্ষিত প্রজন্ম গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

আগামী প্রজন্ম যেন সুস্থ, সবল ও মানসিকভাবে বিকশিত একটি শিক্ষিত প্রজন্ম হিসেবে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে দিনাজপুরের বাংলাহিলি পাইলট স্কুল মাঠে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শহীদ জিয়াউর রহমান ১৯৭৯ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে ‘নতুন কুঁড়ি’ চালু করেছিলেন। সেটা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নাম দিয়ে সারা বাংলাদেশে বয়সভিত্তিক ছোট ছোট ছেলেমেয়েদেরকে বিভিন্ন বিষয়ে দক্ষ ও সত্যিকার অর্থেই খেলোয়াড় হিসেবে তৈরি করার জন্য প্রশিক্ষিত করছেন।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়ার জন্য যে প্রশিক্ষিত দক্ষ জনবল দরকার, সেটি তৈরির লক্ষ্যেই আজকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলা আয়োজন করে শারীরিক এবং মানসিক উৎকর্ষতা সাধন করার জন্য বিএনপি সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

উদ্বোধনী খেলায় নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে বোয়ালদাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়। এবারের টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।

খেলা শেষে সমাজকল্যাণ মন্ত্রী ১২৬জন কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন। এর পরে তিনি হিলি স্থলবন্দর পরিদর্শন করেন এবং সেখানকার ব্যবসায়ী ও কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

এ সময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights