অস্তিত্বসংকটে বন্যহাতি
কক্সবাজার প্রতিনিধি
বাংলাদেশে চিহ্নিত বন্যহাতির ১২টি চলাচলের করিডরের মধ্যে আটটিই কক্সবাজার জেলায় অবস্থিত। দেশের বন্যহাতির প্রাকৃতিক আবাসস্থল ও বিচরণের অন্যতম প্রধান ক্ষেত্র এই কক্সবাজারে ক্রমেই অস্তিত্বসংকটে পড়ছে মহাবিপন্ন এশীয় বন্যহাতি। মূলত বনাঞ্চলে তীব্র খাদ্যসংকট ও চলাচলের পথ সংকুচিত হয়ে পড়ায় খাবারের সন্ধানে প্রায়ই লোকালয়ে হানা দিচ্ছে হাতির পাল। কখনো বা মানুষের বসতঘরে হানা দিচ্ছে। কিন্তু লোকালয়ে এসে কখনো আটকা পড়ছে কাদায়, কখনো বা খাড়া পাহাড় থেকে পড়ে আহত বা মারা যাচ্ছে। লোকালয়ে প্রবেশ করতে গিয়ে বাড়ছে মানুষ ও হাতির সংঘাত। বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারের উখিয়া, টেকনাফ, রামু, চকরিয়া, পেকুয়া ও ঈদগাঁও উপজেলার বিস্তীর্ণ পাহাড়ি বনাঞ্চল বন্যহাতির প্রধান আবাসস্থল। বিশেষ করে উত্তর বন বিভাগের আওতাধীন চকরিয়ার ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, ঈদগাঁও, ফুলছড়ি ও মেধাকচ্ছপিয়া এলাকায় হাতির বড় দল বিচরণ করে। অন্যদিকে দক্ষিণ বন বিভাগের রামুর ঈদগড়, তুলাবাগান-পানেরছড়া, উখিয়ার ঘুমধুম, পালংখালী, ইনানী এবং টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য ও হোয়াইক্যং রেঞ্জের পাহাড়ি এলাকায় হাতির স্থায়ী বসবাস ও চলাচল রয়েছে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও বনসংশ্লিষ্টদের মতে, একটি পূর্ণবয়স্ক হাতির প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ কেজি প্রাকৃতিক খাবারের প্রয়োজন হয়। কিন্তু পাহাড় কাটা, বন উজাড়, রেললাইন ও বসতি স্থাপনের ফলে হাতির প্রাকৃতিক আবাসস্থল ও কলা ও বাঁশবাগানের মতো খাদ্যের উৎস মারাত্মকভাবে কমে গেছে। পাশাপাশি উখিয়া-ঘুমধুম ও তুলাবাগান-পানেরছড়ার মতো গুরুত্বপূর্ণ করিডরগুলো বাধাগ্রস্ত হওয়ায় হাতির স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ফলে ক্ষুধা মেটাতে বন্যহাতির পাল বনাঞ্চল ছেড়ে লোকালয়ের ধানখেত, ফলের বাগান ও বসতবাড়িতে হানা দিচ্ছে।
হাতির আক্রমণে এক দশকে মারা গেছে ৩৩ জন : চলতি বছরের নভেম্বর পর্যন্ত কক্সবাজারে বন্যহাতির আক্রমণে বা পায়ে পিষ্ট হয়ে অন্তত পাঁচজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ২০২৫ সালে হাতির পায়ে পিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালে কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় মনিরুল আলম (৪৫) এবং রামুর রাজারকুলে কৃষক আবদুল হক (৪৫) হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান। ২০১৭-১৮ সালে উখিয়া-টেকনাফ এলাকার রোহিঙ্গা ক্যাম্পে হাতির পায়ে পিষ্ট হয়ে একই সঙ্গে চারজনসহ ১৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ ছাড়া ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্যযোগ্য হাতি মৃত্যুর ঘটনা : গত ১৬ মে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের লম্বাখালী এলাকায় অসুস্থ হয়ে মারা যায় একটি মা-হাতি। ২৮ মার্চ কাকারা ইউনিয়নের মুসলিমনগর এলাকায় একটি বন্যহাতিকে হত্যার পর মাটিচাপা দেওয়া হয়। গত বছরের ১৭ নভেম্বর উখিয়ার রাজাপালংয়ের পশ্চিম খয়রাতি রহমানিয়া পাড়া বিলে ফসল রক্ষায় পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে একটি হাতির মৃত্যু হয়। ১৮ সেপ্টেম্বর উখিয়া রেঞ্জের বনাঞ্চল থেকে প্রায় ৩৫ বছর বয়সি একটি পুরুষ হাতির মৃতদেহ উদ্ধার করা হয়। ১৩ মার্চ গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় একটি মা-হাতি। পরিবেশবাদীদের মতে, অবিলম্বে কক্সবাজারের আটটি করিডর পুনরুদ্ধার, বনাঞ্চলে হাতির উপযোগী খাদ্যবান্ধব বৃক্ষরোপণ এবং অবৈধ দখলদারি উচ্ছেদ করা না হলে এ অঞ্চল থেকে বন্যহাতি চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
