ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ভবন বিধ্বস্ত, নিখোঁজ ১৪
অনলাইন ডেস্ক
ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে। এতে করে ভবনের ধ্বংসস্তূপের নিচে অন্তত ১৪ জন আটকা পড়ে থাকতে পারে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি জানান, রাশিয়ার ড্রোন হামলার পর পাঁচতলা অ্যাপার্টমেন্ট ভবনের একাংশ ধসে পড়েছে। ঘটনার পর দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য উদ্ধার কর্মীদের ধন্যবাদ জানাই। ইতিমধ্যে নয়জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আগুনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, রাশিয়ার ড্রোন হামলায় এক কিশোরসহ দুজন আহত হয়েছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তূপের বিশাল স্তূপের ভেতর তল্লাশি চালাচ্ছে উদ্ধারকর্মীরা। ক্ষতিগ্রস্ত ভবন থেকে বাসিন্দাদের নিচে নামিয়ে আনা হচ্ছে।
এদিকে, শুক্রবার রাতে ইউক্রেনের ক্রিভি রিহ শহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলায় ৭ বছর বয়সী এক শিশু ও ২০ বছর বয়সী এক প্যারামেডিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জেলেনস্কির শহরে চালানো এ হামলায় প্রথমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি রেস্তোরাঁর গাড়ি পার্কিং এলাকায় আঘাত হানে। পরে উদ্ধারকাজে আসা কর্মীদের লক্ষ্য করে জেট ইঞ্জিনচালিত ড্রোন দিয়ে হামলা চালানো হয়। কিছুক্ষণ পর একই স্থানে তৃতীয় দফায় ড্রোন হামলা চালানো হয়। শহরের মেয়র ওলেক্সান্দর ভিলকুল এ কথা জানিয়েছেন।
