প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষার আলোয় চার গ্রামের শিশুরা
বান্দরবান প্রতিনিধি
অতিবৃষ্টিতে বিদ্যালয় ভবন ও আবাসিক হোস্টেল ধসে বন্ধ হয়ে গিয়েছিল বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার চার গ্রামের ৫০ থেকে ৬০ শিক্ষার্থীর পড়াশোনা। অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুনর্নির্মাণ করা হয়েছে নয়াপাড়া ইউনিয়নের বুঝিখাল ম্রো প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষার্থীদের আবাসিক হোস্টেল। নতুন ভবন পেয়ে আবারও পড়াশোনায় ফেরার সুযোগ তৈরি হয়েছে এখানকার শিশুদের।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নবনির্মিত বিদ্যালয় ও হোস্টেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. সাইয়েদ বিন আবদুল্লাহ। এ সময় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পাহাড় কিংবা সমতল, দেশের প্রতিটি অঞ্চলই সরকারের কাছে গুরুত্বপূর্ণ। পাহাড়ের শিশুরাও লেখাপড়া শিখে বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নিজেদের এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশা। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১২ থেকে ১৪ জুলাইয়ের অতিবৃষ্টিতে বিদ্যালয় ও হোস্টেল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পুনর্নির্মাণ কাজ শুরু হয়। এতে ব্যয় হয়েছে ১০ লাখ টাকার বেশি টাকা। নতুন ভবনে বিদ্যালয় ও হোস্টেলের জন্য পৃথক তিনটি করে কক্ষ নির্মাণ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গর্ডেন ত্রিপুরা বলেন, বিদ্যালয় পুনর্নির্মাণ হওয়ায় শিক্ষার্থীরা আবারও পড়াশোনার সুযোগ পেয়েছে। স্থানীয় পাড়া কারবারি দমলয় মুরুং বলেন, চার গ্রামের শিশুদের শিক্ষার একমাত্র ভরসা এই বিদ্যালয়। এটি পুনর্নির্মাণ হওয়ায় শিশুদের ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সৃষ্টি হয়েছে।
