চব্বিশের ঐক্য বিনষ্ট হতে দেবে না বিএনপি: সংস্কৃতিমন্ত্রী

মাগুরা প্রতিনিধি

চব্বিশের ঐক্য বিনষ্ট হতে দেওয়া হবে না। চব্বিশের চেতনা ও মেজাজ ধারণ করেই বিএনপি রাজপথে থাকবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, রাষ্ট্রবিরোধী কোনো অপকর্মের ব্যাপারে ছাড় দেওয়া হবে না। কোনো অপশক্তির অপতৎপরতা দেখতে চাই না। পলাতক স্বৈরাচারের উসকানিতে স্বাধীনতাকামী মানুষের বিরুদ্ধে যেসব কর্মকাণ্ড চালানো হচ্ছে, সেগুলোর কোনো ছাড় দেওয়া হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব সমমনা রাজনৈতিক দলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে গণহত্যা, খুন, গুম ও নির্যাতনের ঘটনা ঘটেছে। সে সময় স্ত্রীর কাছ থেকে স্বামীকে, মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। বিচারের নামে প্রহসন করে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। দেশের মানুষ আর সেই শাসনব্যবস্থা দেখতে চায় না। বিএনপি কোনো ভয়ভীতি বা হুমকিতে পিছপা হবে না।

সংস্কৃতিমন্ত্রী এ সময় ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনা ও ঐক্য ধরে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights