অবশেষে জয়ের দেখা পেল ব্র্যাক
অনলাইন ডেস্ক
অবশেষে জয়ের দেখা পেল ব্র্যাক ইউনিভার্সিটি। টানা দুই হারে এবিজি ইউনিভার্সিটি কাপ শুরু করেছিল ‘বি’ গ্রুপে থাকা ব্র্যাক।
শুক্রবার সেই হতাশা ভুলে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) বিপক্ষে জয়ের দেখা পেয়েছে তারা। প্রতিপক্ষের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ব্র্যাক। জয়সূচক গোলটি করেছেন ইমতিয়াজ মারুফ।
এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইউল্যাব।
তবে অল্পের জন্য ইউল্যাবের এক খেলোয়াড়ের নেওয়া ভলি বারের ওপর দিয়ে যায়। বিপরীতে ১০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্র্যাক। তবে বক্সের মধ্যে থেকে শটটা ঠিকমতো নিতে পারেননি মারুফ।
৫০ মিনিটের খেলার প্রথমার্ধে দুই দল আরো কিছু সুযোগ পেয়েছিল, তবে সদ্ব্যবহার করতে ব্যর্থ হন খেলোয়াড়রা। তাতে প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। অবশেষে ৪০ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ইউল্যাবের রক্ষণভাগ ঠিক মতো বল ক্লিয়ার করতে না পারলে সতীর্থের আলতো টোকায় বক্সের মধ্যে বল পান মারুফ। চলতি বলেই ডান পায়ের জোরালো বাঁকানো শটে জাল খুঁজে নেন তিনি।
তার সেই গোলেই পরে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্র্যাক।
