জবিতে চাকরির বাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম সাজানোর তাগিদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

চাকরির বাজারের চাহিদার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সামঞ্জস্য তৈরি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে উচ্চশিক্ষার কার্যকর সংযোগ স্থাপনের ওপর গুরুত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, শিক্ষার্থীদের প্রযুক্তিগত, পেশাগত, ডিজিটাল ও যোগাযোগ দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।

মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন-২০২৬’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অধ্যাপক আবদুল্লাহ আল-মামুন বলেন, উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ। এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের প্রচলিত পাঠ্যক্রমকে যুগোপযোগী করতে হবে। পাঠ্যক্রম প্রণয়ন ও সংশোধনে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্পৃক্ত করার পাশাপাশি পেশাজগতের অভিজ্ঞ ব্যক্তিদের শ্রেণিকক্ষে যুক্ত করা প্রয়োজন। এতে শিক্ষার্থীদের দক্ষতা ও চাকরির বাজারের চাহিদার মধ্যে ব্যবধান কমবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্পায়ন, উদ্ভাবন ও বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করতে হবে। এ জন্য যৌথ গবেষণা, ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিশিপ এবং উদ্যোক্তা তৈরির উদ্যোগ সম্প্রসারণ জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে খাপ খাইয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এআই ও আইসিটি, কর্মসংস্থান, চাকরির দক্ষতা এবং নৈতিকতা ও পেশাদারিত্ব বিষয়ে প্রশিক্ষণমূলক কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।

ইউজিসি সদস্য জানান, গত সাড়ে পাঁচ মাসে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জব ফেয়ারে সর্বোচ্চ ৩৫টি প্রতিষ্ঠান অংশ নিলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রায় ৮০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এটিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন তিনি।

সেমিনারে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন বলেন, শিক্ষার্থীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ বিনির্মাণে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের চাকরির পরীক্ষার প্রস্তুতি ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) সঙ্গে আবাসিক প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম জোরদার এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও বিদেশি মিশনের সঙ্গে সংযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের জন্য বেকারত্বের বোঝা তৈরি করতে চায় না। সীমিত সম্পদের মধ্যেও শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। একাডেমি-ইন্ডাস্ট্রি সহযোগিতার মাধ্যমে শিল্পভিত্তিক দক্ষতাসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করা সম্ভব হলে দেশ সমৃদ্ধ হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও জব ফেয়ার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আলী নূর এবং বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুর। স্বাগত বক্তব্য দেন আইকিউএসির পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক, বিভাগীয় চেয়ারম্যান, কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights