মুখোমুখি চসিক-সিডিএ

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামের মূল ক্ষমতা কার কাছে থাকবে তা নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মধ্যে। চসিকের দাবি নগরের উন্নয়ন-সংস্কারকাজ তারা করে থাকে। আবার সেবা সংস্থাগুলোর সমন্বয়ও করে তারা। নগর উন্নয়নে মূল সংস্থা হিসেবে চসিক বিভিন্ন দায়িত্ব পালন করে। কিন্তু সিডিএ কর্মকর্তারা বলছেন, বর্তমানে চসিকের কার্যপরিধি ১৬০ বর্গকিলোমিটার, আর সিডিএর প্রস্তাবিত মহাপরিকল্পনায় কার্যপরিধি ১ হাজার ২৫৫ বর্গকিলোমিটার। পুরো নগর উন্নয়নে মহাপরিকল্পনা করবে সিডিএ। এই দাবির মধ্যে চট্টগ্রাম নগর উন্নয়নে ২৫ বছর মেয়াদি প্রণীত মহাপরিকল্পনার প্রস্তাবিত খসড়া প্রতিবেদনে সিডিএ নিজেকে মূল সংস্থা এবং চসিককে সহযোগী সংস্থা হিসেবে অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয় বাস্তবায়নের সুপারিশ করে।

এ নিয়ে দুই সংস্থার মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ, মুখোমুখি দুই সংস্থা। এরই মধ্যে চসিক প্রস্তাবিত মাস্টারপ্ল্যানের খসড়া নিয়ে একটি কারিগরি কমিট গঠন করে। চসিকের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে গঠিত কমিটি পুরো মাস্টারপ্ল্যানটি পর্যালোচনা করে ১৩ পৃষ্ঠার একটি পর্যালোচনা প্রতিবেদন দেয় সিডিএকে। ‘সিডিএ কর্তৃক প্রণীত খসড়া মাস্টারপ্ল্যানের ওপর চসিকের পর্যালোচনা’ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘সিডিএর প্রস্তাবিত খসড়া মাস্টারপ্ল্যানটি চসিকের কারিগরি কমিটির মাধ্যমে পর্যালোচনা করা হয়। কমিটির পর্যালোচনা প্রতিবেদনে খসড়া মাস্টারপ্ল্যানের বেশ কিছু ধারা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর সঙ্গে সাংঘর্ষিক হিসেবে উল্লেখ করা হয়েছে।’ পর্যালোচনা প্রতিবেদনে আরও বলা হয় ‘প্রস্তাবিত খসড়া মাস্টারপ্ল্যানে সিডিএকে মূল সংস্থা হিসেবে ধরে চসিককে সহযোগী সংস্থা হিসেবে অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয় বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে, যা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর সঙ্গে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক।’ চসিকের প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান বলেন, নগরের রিকশার লাইসেন্স প্রদান ও নবায়ন করে থাকে চসিক। কিন্তু মহাপরিকল্পনায় ভবিষ্যতে আসা ই-রিকশার ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা দেখানো হয় বিআরটিএকে। তা ছাড়া প্রস্তাবিত খসড়ায় বলা হয়, ভবিষ্যতে নগরের বড় বড় যত উন্নয়ন হবে সবগুলো বাস্তবায়ন হবে সিডিএর মাধ্যমে। অথচ দীর্ঘ অতীত থেকে চসিকই নগরের বড় প্রকল্পগুলো বাস্তবায়ন করে আসছে। এভাবে চসিককে নগরের সহযোগী প্রতিষ্ঠানে রূপ দেওয়া হয়। মহাপরিকল্পনার প্রকল্প পরিচালক ও সিডিএর নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনসারী বলেন, শুরু থেকেই সিডিএ মাস্টারপ্ল্যান করে আসছে। চসিক কখনো তা করেনি । চসিক এখন যা বলছে সেটি ‘নগর সরকার’ পদ্ধতির আদলের কথা। যখন নগর সরকার হবে তখন তা চিন্তা করা যাবে। তা ছাড়া বর্তমানে চসিকের কার্যপরিধি ১৬০ বর্গকিলোমিটার, আর সিডিএর প্রস্তাবিত মহাপরিকল্পনায় কার্যপরিধি ১ হাজার ২৫৫ বর্গকিলোমিটার। তিনি বলেন, পুরো নগর উন্নয়নে মহাপরিকল্পনা করবে সিডিএ। চসিক চাইলে নিজেদের মতো করে স্থানভেদে উন্নয়ন-সৌন্দর্যবর্ধনের মহাপরিকল্পনা গ্রহণ করতে পারে। কারণ ছোটবড় সব কাজেই মহাপরিকল্পনা দরকার হয়।

জানা যায়, সিডিএ নগর উন্নয়নে ‘প্রিপারেশন অব চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান (২০২০-২০৪১)’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২৫ থেকে ২০৫০ সময়কালের জন্য ১ হাজার ২৫৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে মহাপরিকল্পনাটি তৈরি করা হচ্ছে। এতে নগরের আয়তন ১৬০ বর্গকিলোমিটার থেকে বাড়িয়ে ১ হাজার ২৫৫ বর্গকিলোমিটার করার পরিকল্পনা করা হয়েছে। ৩৫ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে প্রণীত মহাপরিকল্পনার কাজ শুরু হয় ২০২২ সালে। নগর পরিকল্পনাবিদ ও বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে প্রায় ৭০ জনের একটি টিম মাস্টারপ্ল্যান তৈরির কাজ করছে। এর আগে সিডিএ ১৯৯৫ সালে ২০ বছরের জন্য মাস্টারপ্ল্যান তৈরি করলেও তা বাস্তবায়ন হয়নি। এবার ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যাকে সামনে রেখে প্রণীত হচ্ছে মাস্টারপ্ল্যানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights