লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৩১

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান পাটওয়ারীসহ ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে নিয়মিত মামলা, গ্রেফতারি পরোয়ানাভুক্ত এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার মনিরুজ্জামান পাটওয়ারী নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সদস্য। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পৌর শহরের উত্তর মজুপুর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। আওয়ামী লীগের আন্দোলনসহ সরকারবিরোধী বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি সরব ছিলেন।

জেলা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে নিয়মিত মামলা, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কমলনগর থেকে ১৪ জন, লক্ষ্মীপুর সদর মডেল থানা থেকে সাতজন, চন্দ্রগঞ্জ থেকে চারজন এবং রায়পুর থেকে দুজন রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। সন্ত্রাস, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights